২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবাসীকে রোজার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

লন্ডনে ছয় দিনের সফর শেষে দেশে ফিরে দেশবাসীকে রোজার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 11:41 AM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেটে পৌছান। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর তিনি ঢাকার পথে রওনা হন।

সিলেট আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দীন আহমদ কামরানের নেতৃত্বে দলের জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে ওসমানী বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

শেখ হাসিনা এ সময় বলেন, “আমি এ অনুষ্ঠানের মাধ্যমে, দেশবাসীকে পবিত্র রমজান মাসের মোবারকবাদ জানাচ্ছি।”

বাংলাদেশে বৃহস্পতিবার রাতে সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন মুসলমানরা। শুক্রবার হবে প্রথম রোজা।

ছয়দিনের ব্যক্তিগত সফরে গত শুক্রবার লন্ডন পৌঁছান শেখ হাসিনা। ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর এটা ছিল তার প্রথম যুক্তরাজ্য সফর।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের প্রথম বক্তব্য শোনেন খালা শেখ হাসিনা।

ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য গত রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী।

পরদিন ব্রিটিশ পার্লামেন্টের নতুন সদস্যদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল ও তার পরিবারের সদস্যরা এবং টিউলিপের বড় ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার পরিবারের সদস্যরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন।