আয়-ব্যয়ের হিসাব চেয়ে ৪০ দলকে ইসির চিঠি
নিবন্ধিত ৪০টি দলের আয়-ব্যয়ের হিসাব চেয়ে দলগুলোর মহাসচিবদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের সহকারী সচিব রৌশন আরা বলেন, দলগুলোর ২০১৫ সালের আর্থিক লেনদেনের তথ্য একটি রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মকে দিয়ে নিরীক্ষা করিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে জমা দিতে হবে।
“আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ৪০টি দলের মহাসচিব বরাবর ডাকযোগে ও বিশেষ বাহক মারফত তাগিদপত্র পাঠানো হয়েছে।”
গণপ্রতিনিধিত্ব আদেশের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, নিবন্ধিত দলকে প্রতিবছরের বার্ষিক লেনদেনের প্রতিবেদন নির্বাচন কমিশনে দিতে হয়।পর পর তিন বছর তা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলও হতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, পর পর দুই বছর লেনদেনের প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় গণফ্রন্টকে নিবন্ধন বাঁচাতে এবার অবশ্যই প্রতিবেদন দিতে হবে। বিকল্প ধারা বাংলাদেশও গতবার নির্ধারিত সময়ে প্রতিবেদন দেয়নি।
প্রতিবেদন হাতে পাওয়ার পর পর্যালোচনা করে কমিশন তা ওয়েবসাইটে প্রকাশ করবে বলে ইসির সহকারী সচিব রৌশন জানান।
নির্বাচন কমিশন
নির্বাচনে অংশ নিতে ২০০৮ সালে নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার পর ৩৯টি দল তালিকাভুক্ত হয়। নিয়ম অনুযায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে ব্যর্থ হওয়ায় ২০০৯ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়ে যায়।
দশম সংসদ নির্বাচনের আগে নতুন তিনটি দল নিবন্ধিত হয়। নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় বাদ পড়ে জামায়াত। সব মিলিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন ৪০টি।
ইসির ওয়েবসাইটে এখনও জামায়াত
২০০৮ সালে ৩৮টি দলের সঙ্গে আগের সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতও নিবন্ধন পায়। আইন অনুযায়ী,শুধু নিবন্ধিত দলগুলোই নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু পাঁচ বছর না যেতেই দশম সংসদ নির্বাচনের আগে বাতিলের খাতায় যোগ হয় জামায়াতের নিবন্ধন।
আদালতের রায়ে নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় দশম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারায় দলটি। জামায়াতের জোটসঙ্গী বিএনপি ও সমমনারাও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে।
গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন ও সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্র সাংঘর্ষিক দাবি করে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন আদালতে গেলে পরে ২০১৩ সালের ১ অগাস্ট নিবন্ধন অবৈধ ঘোষণার সেই রায় আসে।
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম জানান, আদালতের আদেশেই জামায়াতের নিবন্ধন অকার্যকর ও বাতিল হয়ে গেছে। এ কারণে নতুন করে আর প্রজ্ঞাপন জারির প্রয়োজন হয়নি।
অবশ্য ইসির ওয়েবসাইটে ‘নিবন্ধিত দলগুলোর’ তালিকায় এখনও জামায়াতের নাম রয়েছে। সেখানে আদালতের আদেশটি উল্লেখ করে দেওয়া হয়েছে।
হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছে যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা জামায়াত।
তবে তার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি।
ইসির প্যানেল আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, “আপিলটি এখনো কার্যতালিকায় আসেনি। যখনই আসবে, তখন আমরা শুনানিতে অংশ নেব।”
