ইউপি তথ্য কেন্দ্রে মিলবে ব্যাংক সেবাও
বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে (ডিজিটাল সেন্টার) এখন থেকে স্বল্পপরিসরের এজেন্ট ব্যাংকিং সেবা পাওয়া যাবে।
এই সেবা দিতে সরকারের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক লিমিটেড।
বুধবার রাজধানীর পূর্বাণী হোটেলে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান, মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, নির্বাহী কমিটির চেয়ারম্যান ফজলে নূর তাপস প্রমুখ।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এবং এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংক ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে এজেন্ট পয়েন্ট হিসাবে ব্যবহার করে গ্রাহকদের ব্যাংক হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ, বৈদেশিক রেমিট্যান্স, ব্যালান্স অনুসন্ধানসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বেশ কিছু সেবা দেবে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক সর্বোচ্চ দুই বার ২৫ হাজার টাকা পর্যন্ত জমা দেওয়া বা তোলা যায়।
অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, এই সেবার ব্যাপ্তি ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে এই সীমা পরিবর্তন করবে।
ভবিষ্যতে ডাকঘরের মাধ্যমেও এজেন্ট ব্যাংকিংয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির।
এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছেন। তবে কোনো ব্যাংকের সঙ্গে এটাই প্রথম চুক্তি।
বেসরকারি মধুমতি ব্যাংক দেশের চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ২০১৩ সালের সেপ্টেম্বরে কাজ শুরু করেছে। বর্তমানে দেশের ৭টি জেলায় ১২টি শাখার মাধ্যমে এর কার্যক্রম চলছে।
