কক্সবাজারে ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকালে শহরের পেশকার পাড়া থেকে জসিম উদ্দিনকে (২৫) আটক করা হয়।
জসিম উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, বিকাল ৪টার দিকে পেশকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জসিমকে আটক করা হয়।
পরে দেহ তল্লাশি করে নয় হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি আবুল হোসেন।
