টেকনাফে ইন্টারনেট স্কুল, উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবকরা
টেকনাফের কঙ্কারপাড়ায় পৌঁছে গেছে শিশুদের জন্য ইন্টারনেট নির্ভর ইংরেজি ভার্সন স্কুল।
মোবাইল অপারেটর গ্রামীণফোনের সহায়তায় পরিচালিত এই ইন্টারনেট স্কুলে সন্তানকে পড়ানোর সুযোগ পেয়ে অভিভাবকরাও উচ্ছ্বসিত।
সোমবার সরেজমিনে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেল বিকল্প ধারার এই শিক্ষা প্রতিষ্ঠানের আদ্যোপান্ত।
গত ছয় মাস ধরে ৩৯ জন প্রি-প্রাইমারি স্তরের শিক্ষার্থী এই স্কুলে পড়ছে।
এর আগে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও নয়টি স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে এই দশটি স্কুলে ৬৯০ জন শিক্ষার্থী রয়েছে।
নিজের শিশুকে ইংরেজি মাধ্যমে পড়াতে পেরে উচ্ছ্বসিত সীমান্তবর্তী এই উপজেলার বাসিন্দা স্বপ্না শীল। ছেলে গোবিন্দ শীলকে ভর্তি করেছেন এখানে।
স্বপ্না বললেন, “আমার বড় মেয়ে একটি এনজিওর স্কুলে পড়েছে। কিন্তু এই স্কুল তার থেকে অনেক ভালো। গত ছয় মাসেই আমার ছেলে অনেক কিছু শিখেছে।”
সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা ইংরেজি ভার্সনের এই স্কুলে পড়ার সুযোগ পায়।
কথা বলে জানা গেছে, ইন্টারনেট স্কুলে স্থানীয় শিক্ষকদের পাশাপাশি ঢাকার রায়ের বাজারে রয়েছে শিক্ষক কেন্দ্র। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে শিক্ষার্থীদের ক্লাস নেন।
এ বিষয়ে জাগো ফাউন্ডেশনের নদী রশিদ সাংবাদিকদের বলেন, “আমাদের পাঠ্যক্রম অনেক সম্মৃদ্ধ। কিন্তু সুবিধাবঞ্চিত শিশুদের কাছে তা অনেক সময়ই পৌঁছে না।”
গ্রামীণফোনের করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের বিশেষজ্ঞ হাফিজুর রহমান খান জানান, ২০১১ সালে তার কোম্পানি জাগো ফাউন্ডেশনের সঙ্গে গাজীপুরে একটি পরীক্ষামূলক প্রকল্পের কাজ শুরু করে। তারপর ভালো সাড়া পাওয়ায় এখন দেশের বিভিন্নস্থানে দশটি স্কুল স্থাপন করে ফেলেছেন তারা।
নদী রশীদ জানান, ছাত্র ভর্তির আগে তারা তাদের পারিবারিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এরপর ভর্তি করেন। প্রতিটি ক্লাসে ৪০ জন করে ছাত্র ভর্তি করা হয়।
দ্বাদশ শ্রেণি পর্যন্ত এসব স্কুলে শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান নদী রশীদ।
