ছিটবাসীর কোটা চান মানবাধিকার চেয়ারম্যান
পিছিয়ে পড়া ছিটমহলবাসীর জন্য সরকারের বিশেষ কোটা বরাদ্দ প্রয়োজন বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
বুধবার লালমনিরহাটের বাঁশকাটা ছিটমহল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
“আমরা মনে করি, ৬৮ বছর ধরে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা থেকে তাদের দূরে সরিয়ে রাখা হয়েছে। এটাকে কাটিয়ে উঠে তাদের উন্নয়নের স্রোতধারায় নিয়ে আসতে তাদের জন্য বিশেষ কিছু বরাদ্দ, সুযোগ সুবিধা ও অগ্রাধিকার প্রয়োজন।
“সেই আলোকে তাদের জন্য কোটা প্রয়োজন হলে কোটা বরাদ্দ, অধিক পরিমাণে আর্থিক সুবিধা প্রয়োজন হলে আর্থিক সুবিধা দেওয়া প্রয়োজন,” বলেন তিনি
চাকরির বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রেও ছিটমহলবাসীদের বয়স শিথিল করার জন্য কমিশনের পক্ষ থেকে সুপারিশ হবে বলেও প্রতিশ্রুতি দেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর সফরের সময় দুদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বিল পাশের অনুসমর্থনের দলিল হস্তান্তর হয়। এরপর লালমনিরহাটের এ ছিটমহল পরিদর্শনে যান মিজানুর রহমান।
সকালে পাটগ্রাম উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলার বাঁশকাটা ছিটমহল পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি ছিটমহলবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় ছিটমহলবাসীরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার তুলে ধরে এবং ছিটমহলে যেন দুস্কৃতিকারীরা প্রবেশ করে তাদের নির্যাতন করতে না পারে সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান।
মিজানুর রহমান তাদের দাবি-দাওয়ার কথা সরকারকে জানানোর প্রতিশ্রুতি দেন এবং কোনো ধরনের মানবাধিকার যেন লংঘিত না হয় সেজন্য প্রশাসনকে কঠোর থাকার আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ইমামুদ্দিন কবির, বাংলাদেশ ভারত-ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নূর কুতুবুল আলম, পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম রেজা প্রমুখ।
