‘মায়ায়’ আটকা কর্মীরা
জামায়াতে ইসলামীর ডাকা হরতালবিরোধী মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যাননি।
রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেইটের সামনে রোদের মধ্যে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর কর্মীরা যখন জানতে পারলেন নেতা ‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ’ কাজে আটকা পড়েছেন, ততক্ষণে অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটে।
যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ সর্বোচ্চ আদালতে বহাল রাখার প্রতিবাদে সারাদেশে ২৪ ঘণ্টা হরতাল ডাকে তার দল জামায়াতে ইসলামী।
সকাল ১০টা থেকে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনের রাস্তায় মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ছিল।
সকাল থেকে সরকার সমর্থক ২২টি সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে দাঁড়িয়ে হরতালবিরোধী স্লোগান দিতে থাকেন।
এর মধ্যেই কিছুক্ষণ পর পরই মাইকে কর্মসূচির প্রধান অতিথি হিসাবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আসবেন বলে ঘোষণা চলছিল।
এভাবে প্রায় দেড় ঘণ্টা কেটে যাওয়ার পর সাড়ে ১১টার দিকে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান আব্দুল হক সবুজ ঘোষণা দেন, মায়া তার বাসায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে আটকা পড়েছেন। তাই আসতে পারছেন না।
ঘোষণা শুনে কয়েকজনকে ক্ষুব্ধকণ্ঠে বলতে শোনা যায়, তাহলে কেন তাদের এতক্ষণ আটকে রাখা হল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “মায়া ভাই কথা রাখবেন না, সেটা আমরা বুঝতে পারিনি। আসতে পারবেন না, সেটা তাহলে আগেই জানাতেন!”
মায়ার না আসার কথা ঘোষণার পরই কর্মসূচি শেষ করে নেতা-কর্মীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যায়ের দিকে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে মায়ার ব্যক্তিগত সহকারী মিলন জানান, ‘অতি গুরুত্বপূর্ণ’ কাজ থাকায় তিনি কর্মসূচিতে যোগ দিতে পারেননি।
