তোলারামে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে, যাতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
ফতুল্লা মডেল থানার এসআই মো. মোস্তফা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মৈত্রী ঘোষের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে এ হামলা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তোলারাম কলেজে ‘ছাত্রলীগের ভর্তি বাণিজ্য’ বন্ধ করাসহ কয়েক দফা দাবিতে মিছিল করে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
“এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে ছাত্রলীগের তোফা ও আলিফ তাদের সহযোগীদের নিয়ে এ হামলা চালায়। পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল।”
নারায়ণগঞ্জের তোলারাম কলেজে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা
নারায়ণগঞ্জের তোলারাম কলেজে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা
কলেজের মূল ফটক তালা বন্ধ রেখে ভেতরে-বাইরে অবস্থান নিয়ে ছাত্রলীগের কর্মীদের এ হামলার ঘটনায় ছাত্রজোটের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
তবে পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এসআই মোস্তফা।
তিনি বলেন, “ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে জামায়াত-শিবিরের হরতালবিরোধী মিছিল করছিল। একই সময়ে প্রগতিশীল ছাত্রজোট স্মারকলিপি দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।”
হামলার অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ দাবি করেন, “প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে যারা ছিল, তারা মাদকাসক্ত ও বহিরাগত। তাই সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতিরোধ করেছে।”
হামলার পর কলেজ ও আশপাশের এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
