চট্টগ্রামে রেলের জমি থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ
নিজেদের জমিতে থাকা অবৈধ ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
মঙ্গলবার নগরীর পলোগ্রাউন্ড, কদমতলী ও পুরনো রেলস্টেশন এলাকা থেকে এসব বিলবোর্ড উচ্ছেদ করে পূর্ব রেলের ভূ-সম্পত্তি বিভাগ।
পূর্ব রেলের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আবদুল বারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলোগ্রাউন্ড, কদমতলী ও পুরনো রেলস্টেশন এলাকা থেকে মোট ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
রেলের জায়গায় নির্মিত একটি অবৈধ দোকানও উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি রেলমন্ত্রী ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনা অনুযায়ী গত সোমবার থেকে রেলের জায়গায় থাকা অবৈধ বিলবোর্ড ও স্থাপনা উচ্ছেদে রয়েছে পূর্ব রেল।
