২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একজনের জমি অন্যের নামে’, ভূমি কর্মকর্তাকে শোকজ

ঘুষ না দেওয়ায় একজনের জমি অন্যের নামে লিখে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে গাজীপুরে ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 09:56 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) বরাবর মঙ্গলবার আবেদন করেছেন আবুল হোসেন, যিনি ক্ষতিগ্রস্ত বলে দাবি করেছেন তার আবেদনে।

এ ঘটনায় বাসন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন তার আবেদনে বলেন, কয়েকমাস আগে বাসন মৌজায় তার বাবার নামে খতিয়ানভুক্ত সাড়ে ১৭ শতাংশ জমির ‘নামজারি’ ও ‘জমাভাগের’ জন্য বাসন ভূমি অফিসের মাধ্যমে গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) বরাবার আবেদন করেন তিনি।

বাসনের ভূমি সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী আবেদনপত্র যাচাই-বাছাই করে করেন। ওই মৌজায় জমির কাগজপত্র যথাযথ পাওয়ায় তিনি নিজের সিল দিয়ে একটি প্রস্তাবপত্র তৈরি করেন এবং অফিস সহকারী মো. হেলাল উদ্দিনকে ওই প্রস্তাবপত্র গাজীপুরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানোর জন্য দেন।

অভিযোগে বলা হয়, পরে হেলাল নামজারির জন্য সাড়ে আট হাজার টাকা দাবি করেন। কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি।

এর প্রায় পাঁচমাস পরে সহকারী কমিশনার (ভূমি) অফিসে খোঁজ করলে ‘ওই দাগে কাঙ্ক্ষিত জমি না থাকায়’ নামজারির প্রস্তাবটি বাতিল করা হয়েছে বলে আবুল হোসেনকে জানানো হয়।

পরে বাসন ভূমি অফিসে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, আবেদনের কাঙ্ক্ষিত দাগ ও খতিয়ানের সাড়ে ১৭ শতাংশ জমি থেকে সোয়া পাঁচ শতাংশ কোনো বৈধ কর্তৃপক্ষের বিনা আদেশে অবৈধভাবে মৃত তালেবর মোল্লার নামে পিও-৪২/৯৬ জোতের ভলিয়মে লিখে দেওয়া হয়েছে।

এ ঘটনায় সোমবার বিকালে গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিনীতা রাণীর বরাবর মৌখিকভাবে এবং পরদিন মঙ্গলবার গাজীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দেন আবুল হোসেন।

ভূমি কর্মকর্তা বিনীতা রাণী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভলিউম তলব করে অভিযোগের সত্যতা পাওয়ায় বাসনের ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তাকে পাঁচ কার্যদিবসের মধ্যে ওই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয় বলে জানান বিনীতা।

বাসনের ভূমি সহকারী কর্মকর্তা ইউসূফ আলী এ ঘটনায় নিজের দায় অস্বীকার করে বলেন, অফিস সহাকারী হেলাল, বাসন ভূমি অফিসের সাবেক ভূমি উপ-সহকারী খাদিজা আক্তার ও উমেদার সেন্টুকে দিয়ে এ কাজ করিয়েছেন, যা তিনি আগে বুঝতে পারেননি।

ভূমি উপ-সহকারী খাদিজা এ ঘটনায় নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

তবে, হেলাল উদ্দিন ও সেন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।