২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত

সেতুতে টোলের পরিমাণ বাড়ানোর প্রতিবাদে এবং পুলিশের হয়রানি বন্ধের দাবিতে সিলেটে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে পরিবহন শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার বিকালে সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।

পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট শহরতলীর লামাকাজী এম এ খান সেতুর টোল ট্রাক প্রতি ৩৫ টাকার বদলে একশ টাকা করে আদায় এবং পুলিশি হয়রানির প্রতিবাদে এ ধর্মটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, আগামী ঈদুল ফিতর পর্যন্ত আগের হারে টোল আদায় ও পরে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নতুন টোল নির্ধারণে আশ্বাসের পর ধর্মঘট স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, “প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে। ঈদুল ফিতরের পর বিষয়টির সুষ্ঠু সুরাহা না হলে আবার ধর্মঘট ডাকা হবে।”

এই দুই দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।