প্রযুক্তিনির্ভর জাতি হতে চাই: পলক
তথ্য প্রযুক্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর মেধাবী জাতি হিসেবে পরিচিত করানোর কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি বিষয়ে উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল অ্যাপ্লিকেশন বুট ক্যাম্প অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পলক বলেন, “আমরা বিশ্বে আর শ্রমিক জাতি হিসেবে নয়, তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।
“তরুণ প্রজন্মকে জ্ঞানসম্পন্ন করে গড়ে বিশ্বকে দেখাতে চাই আমরা শ্রমিক জাতি নই, আমরা একটি মেধাবী ও প্রযুক্তিনির্ভর জাতি।”
সরকারের পরিকল্পনায় প্রথম ধাপে সারাদেশে ১২টি হাইটেক পার্কের মধ্যে রাজশাহীতে ৪৭ একর জমির উপর একটি হাইটেক পার্ক নির্মাণ করা হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রাজশাহীতে হাইটেক পার্কটি নির্মিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি খাতে দক্ষ হয়ে গড়ে উঠবে।
সরকার যাতে প্রতিটি তরুণ-তরুণীর সৃষ্টিশীল ধারণাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে সেজন্য বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে।
তারই অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় থ্রিজি ও উন্নত ইন্টারনেট চালু করা হচ্ছে বলে জানান তিনি।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ ও কর্মসূচির উপ-পরিচালক আলাওল কবির উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ বুট ক্যাম্পে রাজশাহী ও তার আশপাশের প্রায় ৬০০ জন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপার অংশ নেন।
বিভিন্ন রকম মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, গেম ডেভলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবসার উপায় ও পদ্ধতিসহ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপমেন্টের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের কারিগরি সমস্যার সমাধান নিয়ে বুট ক্যাম্পে আলোচনা হয়।
