রাজবাড়ীতে আইনজীবীকে কুপিয়ে জখম
রাজবাড়ীতে জেলা আইনজীবী সমিতির এক সদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে সদর উপজেলার দক্ষিণ খানখানাপুরে এ ঘটনা ঘটে।
আহত অ্যাডভোকেট আবুল হোসেন মোল্লাকে (৫৫) ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর মোর্শেদ জানান, সকালে চেম্বার থেকে বাড়ি যাচ্ছিলেন আবুল হোসেন। এ সময় দুর্বৃত্তরা লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে জখম হন।
“তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।”
একটি মামলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দিচ্ছিল একটি পক্ষ। তারাই এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মঞ্জুর মোর্শেদ।
বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবিরকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
