২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার ভাঙনে বাঁধসহ অর্ধশত বাড়ি নদীগর্ভে

তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হওয়া ভাঙনে লালমনিরহাটে অর্ধশত বাড়ি ও একশত মিটার বালুর বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

আনিছুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

গত দুদিনে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ, চন্ডিমারী এলাকায়  ৪০টি বাড়ি ও একশত মিটার দীর্ঘ বালুর বাঁধ তিস্তার গর্ভে বিলীন হয়েছে।

এছাড়া দহগ্রামের ১০টি বাড়ি তিস্তায় বিলীন হয়ে গেছে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, তিস্তার ভাঙনে প্রতিনিয়ত ছোট হচ্ছে দহগ্রাম-আঙ্গোরপোতার মানচিত্র।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, গত দুদিনে তার ইউনিয়নে ৪০টি বাড়ি ও কুটিরপাড় বালুর বাঁধের প্রায় একশ মিটার তিস্তায় বিলীন হয়েছে।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে উপজেলা পরিষদে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বালুর বাঁধ ধসের সত্যতা নিশ্চিত করে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। এছাড়াও বালুর বাঁধটির পরিবর্তে স্পারবাঁধ নির্মাণের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৫ সেন্টিমিটার, যা স্বাভাবিকের চেয়ে নিচে।

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র জানায়, তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার। শনিবার (১৩ জুন) গভীর রাত থেকে তিস্তার পানি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে।

রোববার সন্ধ্যার পর থেকে পানি কমতে থাকে। রাত ৮টায় তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার। সোমবার পানি প্রবাহ আরও কমে ৫২ দশমিক ৫ সেন্টিমিটার হয়।