২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার

নারী সহকর্মীর ওপর হামলার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 04:31 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

দাবি পূরণে কর্তৃপক্ষের আশ্বাসে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানান ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মতুর্জা মোর্শেদ বিন্টু।

তবে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনলে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার সন্ধ্যায় সিসিইউতে এক নারী সহকর্মীর ওপর রোগীর স্বজনদের হামলার পর রাত সাড়ে ১০টা থেকে কর্মবিরতি যান ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন কর্মবিরতির পাশাপাশি হামলার শিকার নারী সহকর্মীর নিরাপত্তা নিশ্চিত, দোষীদের বিচার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো চট্টগ্রাম মেডিকেলেও বিভিন্ন ওয়ার্ডে আনসার সদস্য নিয়োগের দাবি জানায়।

কর্মবিরতির সময় হাসপাতালে ভর্তি এবং জরুরি সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগে পড়তে হয়।

বেলা ১২টায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষানবীশ চিকিৎসকরা। এরপরই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি জানান, শিক্ষানবিশ চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক। তাদের দাবি অনুযায়ী এরই মধ্যে হামলাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

“মূল দোষী ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে বলেছি এবং আনসার নিয়োগের বিষয়টি সচিবালয়ে লিখিতভাবে জানানো হবে।”