ঝিনাইদহে বোমাসহ জামায়াত নেতা গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে হাতবোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোয়াবিয়া হোসেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান।
কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির জানান, সোমবার রাতে পাঁচপাতিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একদল জামায়াত-শিবির নেতাকর্মী পাঁচপাতিলা স্কুল মাঠে বৈঠক করছিল খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় মোয়াবিয়ার কাছে চারটি হাতবোমা পাওয়া যায়।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াত-শিবিরের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
