অবরোধে রাঙামাটি থেকে পরিবহন বন্ধ
তিন কর্মীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইউপিডিএফের ডাকা অবরোধে রাঙামাটির সঙ্গে সড়ক ও নৌপথে দূর পাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে জেলায় আধা বেলার অবরোধ ডাকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ।
ইউপিডিএফ সমর্থিত ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের নেতা বাবলু চাকমা জানান, তিন কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৪ জুন লংগদু উপজেলার ভাইবোন ছড়ার গোলাছড়িতে যুদ্ধমনি চাকমা, রূপময় চাকমা সুজয় ও সুমন চাকমাকে গুলি করে হত্যা করা হয়।
ওই তিন জনকে সংগঠনের কর্মী দাবি করে ইউপিডিএফ অভিযোগ করেছে, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মীরা তাদের হত্যা করেছে।
তবে জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে।
