রিভিউ চাইবেন মুজাহিদ
একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সর্বোচ্চ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন।
মঙ্গলবার সকালে আপিল বিভাগ রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে ১৫ দিনের মধ্যে আমরা রিভিউ আবেদন করব।”
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ সকালে যে রায় ঘোষণা করেন, তাতে প্রসিকিউশনের আনা প্রথম অভিযোগে মুজাহিদকে খালাস দেওয়া হয়। এই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
সাত নম্বর অভিযোগেও ট্রাইব্যুনালের দেওয়া সাজা কমিয়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আর ষষ্ঠ অভিযোগে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখা হয়েছে।
এছাড়া ৫ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন এবং ৩ নম্বর অভিযোগে তার পাঁচ বছরের কারাদণ্ডও বহাল রেখেছে আপিল বিভাগ।
খন্দকার মাহাবুব বলেন, “আমরা বিশ্বাস করি, যে অভিযোগে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, সেই অভিযোগের পক্ষে ট্রাইব্যুনালে যে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত দুর্বল এবং তা বিশ্বাসযোগ্য নয়। আপিল বিভাগ রিভিউয়ের সময় অবশ্যই এটি করবেন।
“বিবেচনা করে ও সাক্ষ্য পর্যালোচনা করে মৃত্যুদণ্ড বাতিল করবেন বলে বিশ্বাস করি।”
এক প্রশ্নের জবাবে খন্দকার মাহাবুব বলেন, “রায়ে হতাশ হওয়ার কিছু নেই। এটা বিচার। বিচারিক প্রক্রিয়ায় হতাশ হওয়ার কোনো কারণ নেই।”
তবে মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, তারা ‘সংক্ষুব্ধ’।
“যেহেতু আমরা ট্রাইব্যুনালে জাস্টিজ পাই নাই, তাই আপিল বিভাগে এসেছিলাম। আশা করেছিলাম আমরা ন্যায়বিচার পাব। আজকে যে রায় হল, তাতে আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি।”
আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
২০১০ সালে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে মুজাহিদ হলেন চতুর্থ ব্যক্তি, আপিল বিভাগে যার মামলার নিষ্পত্তি হল।
