২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাক্ষী সাজিয়ে’ ফাঁসির আদেশ: মুজাহিদের ভাই 

রাজনৈতিক প্রতিহিংসা থেকে ‘সাক্ষী সাজিয়ে’ জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার বড় ভাই।

নিজস্ব প্রতিবেদক

ও ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 02:48 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ সংক্ষিপ্ত রায়ে বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজার আদেশ বহাল রাখে।

সর্বোচ্চ আদালতের এই রায় ‘প্রত্যাখ্যান’ করে একাত্তরের বদরপ্রধান মুজাহিদের ভাই ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আলী আফজাল মোহম্মদ খালেছ বলেন, “সাজানো সাক্ষী দিয়ে নাটক সাজিয়ে আমার ভাইয়ের সাজা ঘোষণা করা হয়েছে।”

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, “সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে দেওয়া এ রায় আমাদের পরিবার প্রত্যাখান করেছে।”

মুজাহিদের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জামায়াতে ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনারেল মুজাহিদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর জুলাই মাসে ইসলামী ছাত্রসংঘের পূর্ব পাকিস্তান শাখার সভাপতির ছিলেন।

অক্টোবরে মুক্তিযুদ্ধের বিরোধিতায় ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে গঠিত আলবদর বাহিনীর প্রধান হন মুজাহিদ। তার নেতৃত্বে আলবদর বাহিনী যুদ্ধের মধ্যে ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অপহরণ, লুটপাটের মতো ব্যাপক মানবতাবিরোধী কর্মকাণ্ড চালায় বলে আদালতের রায়ে উঠে এসেছে।

তবে খালেছ মনে করেন, জামায়াতের গুরুত্বপূর্ণ পদে থাকায় মুজাহিদের বিরুদ্ধে এই রায় হয়েছে।

“তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এমন রায়ের অন্য কোনো কারণ নাই। আমার ভাই একজন নীরিহ লোক, তাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।”

একই প্রতিক্রিয়া দেখান মুজাহিদের কনিষ্ঠ ছেলে আলী আহমেদ মাবরুর।

তিনি বলেন, “যেহেতু আমরা ট্রাইবুনালে জাস্টিজ পাই নাই, তাই আপিল বিভাগে এসেছিলাম। আশা করেছিলাম, আমরা ন্যায়বিচার পাব।

“কিন্তু আজকে যে রায় হল, তাতে আমরা ন্যায়বিচার হতে বঞ্চিত হয়েছি, আমরা সংক্ষুব্ধ।”

মুজাহিদের ভাই খালেছের দাবি, ফরিদপুর থেকে মুজাহিদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার একটি ঘটনার সঙ্গেও মুজাহিদ জড়িত ছিলেন না।

“১৯৭০ সালে ফরিদপুর থেকে চলে যায় মুজাহিদ। তারপর একাত্তরের তো সে ফরিদপুরেই ছিল না।”

তবে ট্রাইবুনালে যেসব প্রমাণিত অভিযোগে মুজাহিদের সাজা হয়েছিল, তার মধ্যে দুটির ঘটনাস্থল ছিল ফরিদপুর।

এর মধ্যে সপ্তম অভিযোগে, ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালিয়ে হত্যা-নির্যাতনের ঘটনায় টাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।

আর তৃতীয় অভিযোগে ফরিদপুর শহরের খাবাসপুরের রণজিৎ নাথকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় মুজাহিদকে। ওই সাজা তার প্রাপ্য বলে আপিল বিভাগ তা বহাল রেখেছে।

মুজাহিদের ফাঁসির আদেশের  বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কর্মসূচিতে যাবে না বলে জানান খালেছ।

“আমরা পরিবারের পক্ষ থেকে কিছুই করতে চাই না। তবে জামায়াত যেসব কর্মসূচি দেবে তার সাথে একমত পোষণ করে যা করার করব।”