মাগুরায় জামায়াত পরিচালিত মাদ্রাসায় ৩৫ হাতবোমা
মাগুরা শহরে জামায়াতে ইসলামী পরিচালিত একটি এতিমখানা মাদ্রাসা থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
মাগুরা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমামুল হক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের দরি মাগুরা এলাকায় আল-আমিন ট্রাস্ট ও এতিমখানা মাদ্রাসা থেকে এসব হাতবোমা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ।
ডিবি কর্মকর্তা ইমামুল বলেন, শহরের দরি মাগুরা এলাকায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাস্ট ও এতিমখানা মাদ্রাসায় হাতবোমা রয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় তল্লাশি চালিয়ে ট্রাস্ট্রের একটি টিনশেড ঘর থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার করা হয়।
নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো ওই ঘরে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
