চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটি ‘বহিষ্কার’ করল ৭ জনকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একাংশের নেতারা সংগঠন থেকে সাত কর্মীকে আজীবন বহিষ্কার করেছেন, যার কোনো বৈধতা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার ক্যাম্পাসের কলা অনুষদে এক বৈঠকে সাতজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বগিভিত্তিক সংগঠন একাকার ও কনকর্ডের নেতারা। এরা নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
যে সাতজনকে ‘বহিষ্কার’ করা হয়েছে, তারা হলেন- অর্থনীতি বিভাগের ছাত্র ইমামুদ্দিন ফয়সাল পারভেজ, বাংলা বিভাগের মাসুদ রানা, পরিসংখ্যান বিভাগের মইনুল হোসেন রাসেল, অর্থনীতি বিভাগের লোকমান, নৃবিজ্ঞান বিভাগের মানিক, আ ই আর টি বিভাগের বিল্লালুদ্দিন বিল্লাল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফরহাদ হোসেন ফরহাদ।
এরা সবাই বগিভিত্তিক সংগঠন একাকারের সঙ্গে যুক্ত।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত ৬ জুন চবি ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে একাকার ও কনকর্ড গ্রুপ। সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে।
খালেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৬ জুন সংঘর্ষের সময় হামলার স্বীকার হন সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন।
“এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা সংঘর্ষে জড়িত দুটি গ্রুপের নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক করেছি। বৈঠকে সংঘর্ষে জড়িত সাতজনকে ছাত্রলীগের চবি শাখা থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়।”
পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে একাডেমিক শাস্তির জন্য প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করা হবে এবং মামলা দায়ের করা হবে বলে জানান খালেদ চৌধুরী।
বৈঠকে উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, সহ-সভাপতি আরমান হেলালী, দপ্তর সম্পাদক ইমাদ আহমেদ সাহিল, ধর্ম সম্পাদক মহসিন ইসলাম ও সহ-সম্পাদক আবদুল মালেক।
২০১৪ সালের ১০ জুন ছাত্রলীগের দুই বগিভিত্তিক গ্রুপের সংঘর্ষের পর ওই দিনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি।
এদিকে ছাত্রলীগের কোনো বিলুপ্ত কমিটির নেতারা এভাবে কাউকে বহিষ্কার করতে পারে না বলে জানিয়েছেন সরকার সমর্থক সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ইউনিট কমিটি এভাবে কাউকে বহিষ্কার করতে পারে না। কেউ সংগঠনবিরোধী কাজ করলে বিশ্ববিদ্যালয় কমিটি বড়জোর কেন্দ্রীয় কমিটিকে বহিষ্কারের সুপারিশ করতে পারে।”
‘বহিষ্কৃতদের’ অন্যতম অর্থনীতি বিভাগের ছাত্র ইমামুদ্দিন ফয়সাল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষের সময় আমি ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা ও প্রক্টরিয়াল বডির মেম্বারদের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। নাজমুল ভাইকে মারধরের সঙ্গে আমি জড়িত নই, বরং নাজমুল ভাইকে বাঁচানোর জন্য আমি এগিয়ে গিয়েছিলাম।”
