ভারতীয় সেনাপ্রধান দলবীর সিং ঢাকায়
ঢাকা সফরে এসে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং।
ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে সোমবার বিকাল ৫টায় কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটিতে পৌঁছান দলবীর।
সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে ‘শিখা অনির্বানে’ ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাকুঞ্জে তাকে গার্ড অফ অনার দেয়।
গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন দলবীর সিং। সেনাকুঞ্জে একটি গাছের চারা লাগান তিনি।
এরপর বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় সেনাপ্রধান। শুভেচ্ছা বিনিময়ের পর দুই দেশের সেনাবাহিনীর ‘দ্বিপক্ষীয় প্রশিক্ষণ’ এবং পেশাগত অন্যান্য বিষয়ে কথা বলেন তারা।
সফরসঙ্গীদের নিয়ে মঙ্গলবার চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে প্যারেড পরিদর্শন করবেন দলবীর সিং। ৭২তম বিএমএ লং কোর্স এবং ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে ওই প্রেসিডেন্ট প্যারেড হবে।
আইএসপিআর ও ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভারত-বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের অংশ হিসেবে দলবীর সিং ঢাকা আসছেন। দুই দেশের মধ্যে ‘সহযোগিতা ও বন্ধুত্ব’ জোরদারও এই সফরের লক্ষ্য।
