চট্টগ্রাম নগরীতে আরও ১৫টি বিলবোর্ড উচ্ছেদ
অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে চলমান অভিযানে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকা থেকে নয়টি বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সোমবার জামালখান মোড় এলাকায় বিলবোর্ডগুলোর পাশাপাশি ছয়টি মিনিপোলও উচ্ছেদ করে সিসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ছয় বিজ্ঞাপনী সংস্থাকে মোট ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সিসিসির নির্বাহী হাকিমের সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় বিজ্ঞাপনী সংস্থার ছোট-বড় মিলিয়ে ১৫টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে নগরীর দেওয়ানহাট এলাকা থেকে পাঁচটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে রেলওয়ে।
পূর্ব রেলের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আবদুল বারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেওয়ানহাট ওভারব্রিজের পূর্বপাশ থেকে রেলওয়ের অনুমোদনহীন পাঁচটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
