মুজাহিদ এখন ঢাকায়
বাংলাদেশের সর্বোচ্চ আদালত যখন সাবেক চার দলীয় জোটের মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের একাত্তরের যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে, তিনি সেই রায় জানতে পারবেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে মঙ্গলবারের কার্যতালিকার প্রথমেই মুজাহিদের এই আপিল মামলা রায়ের জন্য রাখা হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদকে এতোদিন নারায়ণগঞ্জ জেলা কারাগারে রাখা হলেও সোমবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
নারায়ণগঞ্জ কারাগারের জেলার ফোরকান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২১ অগাস্ট গ্রেনেড মামলায় হাজিরার জন্য আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সকালে ঢাকায় নেওয়া হয়েছে। আর ফেরত আনা হয়নি।”
ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষও এই জামায়াত নেতাকে ঢাকায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছে।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়।
অপহরণ, নিযার্তন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ঘটনায় আলবদর বাহিনীর প্রধান মুজাহিদের সংশ্লিষ্টতা ট্রাইব্যুনালে প্রমাণিত হয়।
ওই সাজার আদেশের বিরুদ্ধে মুজাহিদ যে আপিল করেছিলেন, তারই রায় হতে যাচ্ছে মঙ্গলবার।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করার পর ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
কখনো কোনো নির্বাচনে জয়ী হতে না পারলেও বিগত চারদলীয় জোট সরকারের সময়ে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মুজাহিদ।
ওই সরকারের সময় ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়। ওই মামলার ৫২ আসামির মধ্যে মুজাহিদ একজন।
