চবি উপাচার্যের দায়িত্ব নিলেন ড. ইফতেখার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সপ্তদশ উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
সোমবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করে বিদায়ী উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের কাছ থেকে।
গত ২ জুন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।
সকালে উপাচার্যের দায়িত্ব নিয়ে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. ইফতেখার।
শুভেচ্ছা জানাতে যারা ফুল নিয়ে এসেছিলেন, তাদের সেই ফুল দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানাতে বলেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্যকে শুভেচ্ছা জানায় শিক্ষক সমিতি, অফিসার্স সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন এবং বিভিন্ন ছাত্রাবাসের প্রাধ্যক্ষ।
সাবেক উপাচার্য মো. ফজলী হোসেন ও এ জে এম নুরুদ্দীন চৌধুরী এবং সাবেক উপ-উপাচার্য ড. মো. শামসুদ্দিনও নতুন উপাচার্যকে শুভেচ্ছা জানান।
২০১৩ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইফতেখার উদ্দিনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
