২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে মা

শরীয়তপুরের নড়িয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে মা।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার রাতে উপজেলার দক্ষিণ কেদারপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত জাকির হোসেন মাদবর (২৫) ওই গ্রামের সিরাজ মাদবরের ছেলে।

এ ঘটনায় জাকিরের মাকে আটক করেছে পুলিশ।

নড়িয়া থানার ওসি ইকরাম আলী জানান, জাকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝেমধ্যেই নেশার টাকার জন্য মাকে বিরক্ত করত।

কয়েকদিন আগে সে মোটরসাইকেল কেনার টাকা চায়। টাকা না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকিও দেয় জাকির।

“তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রোববার ভোরে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের খাটের নিচে লুকিয়ে রেখেছে বলে জাকিরের মা পুরিশকে জানিয়েছেন।”

ওসি ইকরাম আরও বলেন, ছেলেকে খুন করে খাটের নিচে লুকিয়ে রাখার কথা রাতে দেবর সায়েদ মাদবরকে জানালে তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে এবং জাকিরের মাকে আটক কর।

এ ব্যাপারে ওই নারী বলেন, “মাদকাসক্ত ছেলে আমাকে টাকা পয়সার জন্য সারাক্ষণ বিরক্ত করত। কয়েকদিন যাবত মোটরসাইকেল কেনার জন্য টাকা চাইছে। টাকা না দিলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। এ জন্য তাকে খুন করেছি।”