স্নাতকে এক বিষয়ে পাশদের প্রমোশন দাবি
স্নাতকে এক বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সিলেট এমসি কলেজের ছাত্রছাত্রীরা।
রোববার দুপুরে এমসি কলেজ ফটকে স্নাতক ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজন পুরকায়স্থ, রাহুল দাশ ও রাজীব কৈরী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষায় আগে যেকোনো এক বিষয়ে পাশ করলেই শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হতো।
চলতি বছর থেকে এ সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
এতে এমসি কলেজসহ সারাদেশের ২৭ হাজার শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারেনি।
তারা জানান, এক বিষয়ে পাশ শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন, মান-উন্নয়ন পদ্ধতি চালু রাখা, সর্বনিম্ন গ্রেড বাতিল করার দাবি জানিয়ে কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন পুরকায়স্থ, রাহুল দাশ, রাজীব কৈরী, লিটন, ফয়সল, সুজন, শুভ, মিঠু, সাইফুর, ফারিহা, রাখা, জয়ন্তি প্রমুখ।
