বয়সের শর্ত ছাড়াই সম্মানী ভাতার দাবি মুক্তিযোদ্ধাদের
বয়সের শর্ত ছাড়াই দশ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
রোববার এ দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর ও সাতক্ষীরায় মানবন্ন্ধন ও সমাবেশ করেন তারা।
এবারের বাজেট বক্তৃতায় পয়ষট্টি বছর ও তার বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।
আগে মুক্তিযোদ্ধারা প্রতিমাসে ৫ হাজার টাকা করে ভাতা পেলেও তা বাড়িয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো সংবাদ
বয়সের শর্ত ছাড়াই দশ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়ার দাবিতে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে ৬৫ বছরের বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের ভাতা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়।
বয়স বিবেচনায় মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হলে তাদের মাঝে বিভেদ বাড়বে। মুক্তিযোদ্ধাদের ঐক্য নষ্ট হবে। সকল মুক্তিযোদ্ধার সম্মান ও সম্মানী ভাতা এক হওয়া উচিত বলে মনে করেন তারা।
পরে এ দাবিতে জেলা প্রশাসন করে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবারে স্মারকলিপি প্রদান করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিটের কমান্ডার সিরাজুল হক, আব্দুস সামাদ, মশিউর রহমান, মতিউর রহমান, এনামুল হক প্রমুখ।
রাজবাড়ী
একই দাবিতে সকালে রাজবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মুক্তিযোদ্ধারা তাদের ভাতা বৈষম্য দূর করে সবার জন্য সম্মানী ভাতা ১০ হাজার টাকা এবং ঈদ ও পূজার বোনাস দেওয়ার দাবি জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমান্ডার মোহম্মদ আলী, উপজেলা কমান্ডার আব্দুল জলিল, বাকাউল আবুল হাসেম, নওয়াব আলী, আব্দুস সামাদ প্রমুখ।
গাজীপুর
বিকালে গাজীপুর শহরে মানবন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিট।
এ সময় সকল মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ১০ হাজার টাকা এবং ঈদ ও পূজায় দু’টি বোনাস দেওয়ার দাবি জানান বক্তারা।
সমাবেশে সহকারী ইউনিট কমান্ডার সাহাবুদ্দিন সরদার, আবু হানিফ, ইমান উদ্দিন, এনামুল হক, উপজেলা কমান্ডার মোশারফ হোসেন দুলাল, বজলুর রশিদ মোল্লা, সিরাজুল হক, মোস্তফা মিয়া ও সারোয়ার আলম বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসকের বরাবর দাবিগুলো জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।
একই দাবিতে সাতক্ষীরা জেলা ইউনিটের মুক্তিযোদ্ধারাও মানবন্ধন করেছেন।
