২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিগুণ হল মুক্তিযোদ্ধাদের ভাতা

পয়ষট্টি বছর ও তার বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 05:56 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

আগে মুক্তিযোদ্ধারা প্রতিমাসে ৫ হাজার টাকা করে ভাতা পেলেও তা বাড়িয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে আমরা নানামুখী কার্যক্রম পরিচালনা করছি।

“বর্তমানে সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা, চিকিৎসা ও পেনশন প্রদান, সরকারি প্রতিষ্ঠানে চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য কোটা সংরক্ষণ, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভিআইপি কার্ড দেওয়াসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে সরকার।”

বদ্ধভূমি ও গণকবর সংরক্ষণ এবং উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও সংসদে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারে বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ যাদুঘর ও পাঠশালা নির্মাণ করা হচ্ছে।  

“আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যেসব মুক্তিযোদ্ধা ৬৫ বছর অতিক্রম করেছেন তাদের সকলের মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করছি।”