২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম রেজিস্ট্রার জেনারেল পেল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রথম রেজিস্ট্রার জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 05:36 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

প্রধান বিচারপতি এসকে সিনহা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দিয়েছেন বলে রোববার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগের আদেশ আজই হাতে পেয়েছি।”

তিনি এই বছরই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ছিলেন।

এতদিন সুপ্রিম কোর্টের দুই বিভাগের দাপ্তরিক কর্মকাণ্ড দেখভালের জন্য রেজিস্ট্রারের একটি পদ ছিল।

Image
আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম

উচ্চ আদালতের প্রশাসনিক কাজে গতি আনতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাই কোর্ট ও আপিল বিভাগের জন্য আলাদা নিবন্ধক এবং রেজিস্ট্রার জেনারেল রাখার প্রস্তাব করেন।

সে অনুযায়ী রেজিস্ট্রার জেনারেল, তার একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, চালক ও অফিস সহায়ক এবং হাই কোর্ট বিভাগের জন্য একজন রেজিস্ট্রার, ব্যক্তিগত কর্মকর্তা, চালক ও অফিস সহায়কের মোট নয়টি পদ সৃষ্টির একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নতুন রেজিস্ট্রার

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. শহীদুল আলম ঝিনুককে প্রেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) উম্মে কুলসুমের স্বাক্ষরে এক আদেশে রোববার এই আদেশ জারি করা হয়েছে।

গত বছরের অগাস্টে আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমানকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এই পদে এসেছিলেন।