২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস হত্যার বিচার দাবিতে সিএফসির মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত তাপস সরকার হত্যার বিচারের দাবি জানিয়েছে বগিভিত্তিক সংগঠন সিএফসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

শনিবার দুপুরে চবি শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সিএফসির অন্যতম নেতা ও চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সম্পাদক নুরুজ্জামান বলেন, সংস্কৃত বিভাগের মেধাবী শিক্ষার্থী তাপস সরকার মারা যাওয়ার ছয় মাস পরও জড়িত সবাইকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

“এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে এমন শাস্তির মুখোমুখি করা হোক যাতে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে এভাবে জীবন দিতে না হয়।”

তাপস হত্যা মামলার আসামি আশরাফুজ্জামান আশাসহ ঘটনায় জড়িত, পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।  

গত বছরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়ার পর সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই পক্ষ ভিএক্স ও সিএফসির কর্মীরা।

এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার। ঘটনার পর থেকেই নিহত তাপসকে নিজেদের কর্মী দাবি করে আসছে  সিএফসি।

এ ঘটনায় করা হত্যা ও অস্ত্র মামলা দুটির সব আসামি ছিল ভিএক্স গ্রুপের।  সংঘর্ষের দিনই ক্যাম্পাস ছাড়ে তাপস হত্যায় অভিযুক্ত ভিএক্স গ্রুপ।

তাপস হত্যার আগে সংঘর্ষে জড়িয়ে পড়া ভিএক্স ও সিএফসি নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিল।

ঘটনার প্রায় ছয় মাস পর গত ২৪ মে ভিএক্স নেতাকর্মীরা পক্ষ বদল করে নব নির্বাচিত মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে ক্যাম্পাসে ফিরে আসে।

শনিবারের মানববন্ধনে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন।

সমাবেশে বক্তব্য রাখেন এইচ এম ফজলে রাব্বী সুজন, এস এম আলাউদ্দীন, কাউছার ফেরদৌস ফুয়াদ, নাজমুল হক, ইকবাল হোসেন ও মোয়াজ্জেম হোসেন জেমস।