২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদ-নদীর পানি বেড়ে ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার, যমুনা ও তিস্তার পানি বেড়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও বগুড়ার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 09:00 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

পুরনো খবর:

তিস্তার পানি বিপদ সীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

এই চার জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, কুড়িগ্রামে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বেড়েছে। কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী, রাজারহাট, ফুলবাড়ী ও রাজীবপুর উপজেলার ৪২টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রে ৪২ সেন্টিমিটার, দুধকুমারে ১৫ সেন্টিমিটার, তিস্তায় ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে ধরলায় ১ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে।

ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া পাহাড়ি ঢলের পানিতে রৌমারী উপজেলায় কালো, ধরনি ও জিঞ্জিরাম নদীর পানিতে ৩০টি সীমান্ত গ্রাম প্লাবিত হয়েছে এবং ইছামতি নদীর বাঁধ ভেঙে গেছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী।

কুড়িগ্রাম কৃষি বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বন্যায় জেলার প্রায় ৩ হাজার হেক্টর জমির সবজি, চিনা, পাট, কাউনসহ বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে; ভেসে গেছে তিন শতাধিক পুকুরের মাছ।

এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি শনিবার বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদী তীরবর্তী সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নিম্নাঞ্চল ও বিস্তীর্ণ চর এলাকার প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

এসব গ্রামে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সরকারি বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আউয়াল মিয়া জানান, গাইবান্ধায় সব নদীর পানি বেড়েছে। তবে ব্রহ্মপুত্র ছাড়া তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার কিছুটা নিচে রয়েছে।

পানি বৃদ্ধিতে ফুলছড়ি উপজেলার সিংড়িয়া-রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাঁধটি ভেঙ্গে গেলে অন্তত চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের বাড়িঘর ও হাজার হাজার একর ফসলি জমিসহ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

প্রকৌশলী আউয়াল বলেন, “ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড থেকে বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলা হচ্ছে।

সিংড়িয়া-রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে জিও ব্যাগ ফেলার কাজের তদারকির দায়িত্বে থাকা গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী অরুন কুমার সেন বলেন, সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে পাঁচ কোটি টাকা দিয়ে ৬৪ হাজার বালিভর্তি জিও ব্যাগ ড্যাম্পিং করা হবে।

এর মধ্যে ভাঙন প্রতিরোধে ১৪ হাজার জিও ব্যাগ ফেলানো হয়েছে জানিয়ে তিনি বলেন, জিওব্যাগ ড্যাম্পিংয়ের ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন অনেকটাই কমে এসেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, শনিবার পর্যন্ত উপজেলাগুলো থেকে বন্যাকবলিত হওয়া এলাকার কোনো হিসাব পাওয়া যায়নি।

তবে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ভাঙনকবলিত মানুষের জন্য ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে টানা বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে নীলফামারীতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

শনিবার দুপুর থেকে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলের রাস্তাঘাট প্লাবিত হয়েছে।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে রেকর্ড করা হয়েছে।

নদীর পানি বাড়ায় ডিমলা উপজেলার বাইশপুকুর, কিসামত ছাতনাই, পূর্ব ছাতনাই ঝাড় শিঙ্গেরশ্বর, বাঘেরচর, টাবুর চর, ভেণ্ডাবাড়ি, ছাতুনামা, হলদিবাড়ি, একতার চর, ভাষাণীর চর, কিসামতের চর ও ছাতুনামা গ্রামের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে।

এছাড়া জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী চরগ্রামের বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এসব এলাকার নিম্নাঞ্চল ও রাস্তাঘাট প্লাবিত হলেও শনিবার বিকাল পর্যন্ত কারও বাড়িঘরে পানি ওঠেনি বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

এছাড়া যমুনার প্রবল স্রোতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গোদাখালীতে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বাঁধ ভেঙে পানি ঢুকে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

শনিবার ওই এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ কে মমতাজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন।

নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, ভাঙনকবলিত স্থানে পরিমিত বালু ও মাটি না থাকায় এবং অপ্রত্যাশিতভাবে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নির্মাণাধীন বাঁধটি ভেঙ্গে যায়।

যমুনার পানি কমতে শুরু করলে ভাঙন স্থান মেরামত করা হবে বলে জানান তিনি।