২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে ২ যুবকের লাশ উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

ত্রিশোর্ধ্ব বেশি বয়সী ওই দুই যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার উপজেলার জিনজিরা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক জনের এবং দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব আগানগরের নয়াপাড়া এলাকার একটি বাড়ির ছাদ থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মো. আইয়ুব আলী জানান, বেলা ২টার দিকে স্থানীয়রা আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবকের লাশ বুড়িগঙ্গায় ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

“খয়েরি হাফ হাতা একটি টি-শার্ট পরা ওই যুবকের লাশে পচন ধরেছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

দুবৃর্ত্তরা হত্যার পর লাশটি নদীতে ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই আইয়ুব।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মোজাম্মেল জানান, সকালে পূর্ব আগানগরের নয়াপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর একতলা বাড়ির ছাদে স্থানীয়রা ওই লাশ দেখে পুলিশকে জানায়। পরে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জিন্স প্যান্ট ও লাল টি-শার্ট পরা ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

ওই বাড়ির আশপাশে ছয়তলা কয়েকটি ভবন রয়েছে জানিয়ে এসআই মোজাম্মেল বলেন, দুবৃর্ত্তরা ওই যুবককে হত্যা করে লাশ আশপাশের ছয়তলা ভবনের কোনো একটির ছাদ থেকে একতলা ভবনের ছাদে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।