২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বাঁধ ভেঙে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 02:00 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সারিয়াকান্দি উপজেলার গোদাখালীতে নির্মাণাধীন ওই বেড়িবাঁধ ভেঙ্গে যমুনার পানি ঢুকে ক্রমশ্যই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ভাঙনস্থানে প্রবল স্রোত থাকায় তা মেরামত করাও সম্ভব হচ্ছে না।

শনিবার ওই এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ কে মমতাজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, সারিয়াকান্দির কুতুবপুর থেকে গোদাখালি পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ দেওয়া হয়েছে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক লিমিটেডকে। ভাঙন স্থানে পরিমিত বালু ও মাটি না থাকায় এবং অপ্রত্যাশিতভাবে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নির্মাণাধীন বাঁধটি ভেঙ্গে যায়।

যমুনার পানি কমতে শুরু করলে ভাঙন স্থান মেরামত করা হবে বলে জানান তিনি।

শুক্রবার বিকাল ৩টায় হঠাৎ করেই গোদাখালী এলাকায় নির্মাণাধীন বেড়িবাঁধ ভেঙ্গে বন্যার পানি নিম্নাঞ্চলে প্রবেশ করতে থাকে। পানির তোড়ে ভাঙন এলাকার পাশে এবং ভাটিতে কিছু বাড়ি-ঘরও ভেঙ্গে যায়।

সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোখলেছার রহমান বলেন, বাঁধের ভাঙন এলাকা দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে গোদাখালি, হাওরাখালি, দড়িপাড়া, বথুয়ার ভিটাসহ ১০ টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানিতে পাট ক্ষেত, আউশ ধান, বর্ষালী ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

ধুনট উপজেলার চেয়ারম্যান তৌহিদুর রহমান মামুন বলেন, পানিতে ধুনটের চিকাশী, গজাড়িয়া, চুনিয়াপাড়া গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরও নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।