২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ফরিদপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে পুলিশের এক  উপ পরিদর্শক (এসআই)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 10:38 AM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শুক্রবার ভোরে সদর উপজেলার কানাইপুরের লক্ষ্মীপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এ  বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত সেলিম শেখ (৩৫) ওরফে মধুখালী উপজেলার গোপালপুর এলাকার মো. মহিবুল হকের ছেলে।

তার বিরুদ্ধে ফরিদপুর, ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান।

এ ঘটনায় আহত এসআই সাইফুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মধুখালী থানার ওসি রুহুল আমীন বলেন, “লক্ষ্মীপুর এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে গুলি ছোড়ে।

পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে সেলিম মারা যায়।”