কংগ্রেসম্যান হোন্ডার সঙ্গে রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান মাইক হোন্ডার সঙ্গে দেখা করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন।
বৃহস্পতিবার সিলিকন ভ্যালি নামে পরিচিত ক্যালিফোর্নিয়ার সপ্তদশ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের এই প্রতিনিধির সঙ্গে ক্যাপিটল হিলে তার সাক্ষাৎ হয় বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে।
দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে ‘দেশে গণতান্ত্রিক সুবিধা নিশ্চিত ও চরমপন্থা নির্মূল করতে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের বিষয়ে বিশেষভাবে উল্লেখ করে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, জঙ্গিবাদ, মানবতা ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে বর্তমান সরকার লড়াই করছে।
যুদ্ধাপরাধীদের চলমান বিচার সম্পর্কে কংগ্রেসম্যানকে তিনি বলেন, এই বিচারের মধ্য দিয়ে দায়মুক্তির সংস্কৃতির সমাপ্তি হবে এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত হবে।
তিনি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপির উত্থানের প্রেক্ষাপট ব্যাখ্যা করে ১৯৭৫ সাল পরবর্তী সামরিক শাসনে জাতির জনকের খুনীদের দায়মুক্তি দেওয়ার কথা তুলে ধরেন।
এছাড়াও তারা হীনস্বার্থে রাজনীতিতে ধর্মীয় ও স্বাধীনতাবিরোধী শক্তির পুনর্বহাল করে বলেও উল্লেখ করেন তিনি।
জিয়াউদ্দিন বলেন, শেখ হাসিনার সরকার সব ধরনের জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ দেখানোর অঙ্গীকার করেছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র, প্রতিবেশী ও বন্ধুসুলভ রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ।
বিএনপিবিহীন ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষাপট ও সাংবিধানিক বাধ্যবাধকতাও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, এই নির্বাচন ছিল ধর্মীয় উগ্রবাদ ও বর্বর সহিংসতার বিরুদ্ধে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল মূল্যবোধের বিজয়।
তিনি বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের জনগণের জীবনযাত্রার গুণগত মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।
বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রমিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও কংগ্রেসম্যানকে জানান তিনি।
