বরাতের রাতে বাসে ‘নাশকতায়’ দগ্ধ একজনের মৃত্যু
বরাতের রাতে কুমিল্লার চান্দিনায় বাসে ‘নাশকতার’ ঘটনায় দগ্ধ হওয়ার দশ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রনজিত শর্মার (৫৫) শরীরের ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
রনজিত শর্মা এক সময় রাঙামাটি কলেজে গণিত বিভাগের শিক্ষক ছিলেন। তিনি রাঙ্গামাটি সদরের হরিপদ শর্মার ছেলে।
গত ২ জুন রাতে ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পথে ইউনিক পরিবহনের ওই বাসে নাশকতায় ঘুমন্ত পাঁচ যাত্রী দগ্ধ হন, আহত হন আরও তিনজন।
চান্দিনার পাট গবেষণা কেন্দ্রের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইরে থেকে ‘দাহ্য পদার্থ’ ছোড়া হলে বাসে আগুন ধরে যায়। পুলিশের ধারণা, বাসটিতে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল।
ওই ঘটনায় চান্দিনা থানার এএসআই প্রবীর কুমার রায় একটি মামলা দায়ের করেন, যাতে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫/২০ জনকে আসামি করা হয়।
পরে আসামিদের মধ্যে জামায়াতে ইসলামীর চান্দিনা উপজেলার আমির আবুল বাশারসহ (৬০) দলটির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বাসে নাশকতার ওই ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি করা হলেও তার প্রতিবেদন পাওয়া যায়নি।
