চান্দিনায় বাসে ‘নাশকতা’: জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
বরাতের রাতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ‘নাশকতার’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার রাতে র্যাব, পুলিশ, বিজিবির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জামায়াতে ইসলামীর চান্দিনা উপজেলার আমির আবুল বাশার (৬০), উপজেলার মাইজঘাট ইউনিয়ন আমির মহিব উল্লাহ (৫০), উপজেলার জামায়াতের সদস্য মো. ওবাদুল্লাহ (৪৮), কর্মী ওমর ফারুক (২০), আবদুর রাজ্জাক (৩৫), রফিকুল ইসলাম (৩৫) এবং নয়ন (৩৫)।
মঙ্গলবার মধ্যরাতে চান্দিনার পাট গবেষণা কেন্দ্রের সামনে ঢাকা থেকে রাঙামাটিগামী ইউনিক পরিবহনের বাসে বাইরে থেকে ‘দাহ্য পদার্থ’ ছোড়া হলে পাঁচজন দগ্ধ ও তিনজন আহত হন। পুলিশের ধারণা, বাসটিতে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল।
এ ঘটনায় বুধবার সকালে চান্দিনা থানার এএসআই প্রবীর কুমার রায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার সাতজনের মধ্যে নয়ন ছাড়া বাকি ছয়জনের নাম মামলার এজাহারে রয়েছে বলে এএসআই এস এ মনির জানান।
বাসে নাশকতার ঘটনা তদন্তে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন।
এছাড়া কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।
চলতি বছরের শুরুতে বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে নাশকতার ঘটনায় অন্তত ১৩০ জন নিহত হন। সে সময় কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে আটজনের মৃত্যু হয়, আহত হন ২৫ জন।
কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামানের সন্দেহ, ‘আগে যারা’ অরাজকতা সৃষ্টি করতে নাশকতা চালিয়েছিল, শবে বরাতেও ‘তারাই হয়তো’ বাসে নাশকতার পেছনে রয়েছে।
