২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাভোগ শেষে ফিরেছে ১১ নারী-শিশু

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর কারাভোগ শেষে ছয় নারী ও পাঁচ শিশু দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 11:52 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

এদের বাড়ি চাঁদপুর, যশোর ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদের ভারতে পাচার করে।

কলকাতার হাওড়া রেল স্টেশন এলাকায় গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন তারা।

এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের দুই বছর কারাদণ্ড দেয়।

সাজাভোগ শেষে কলকাতার ‘লিলুয়া শেল্টার হোম’ তাদের হেফাজতে রাখে।

পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরেন বলে জানান ওসি আসলাম খান।

ওসি আরও জানান, ভারত সরকারের দেওয়া বিশেষ পাশের মাধ্যমে তারা ফেরত আসেন।

হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তা জানান।

পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা শিশু ও নারীদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোরের বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে।

মহিলা আইনজীবী সমিতির কাউন্সিলর নুরুন্নাহার বলেন, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিদের তাদের নিজস্ব হোম ‘প্রশান্তিতে’ রাখা হবে। পরে প্রত্যেক পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।