২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে তিন জেলায় নিহত  ৫

বজ্রপাতে বরিশাল, মুন্সীগঞ্জ ও গাইবান্ধায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো সাত জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 05:42 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় তিন জন, মুন্সীগঞ্জ সদরে একজন ও গাইবান্ধার ফুলছড়িতে এক কিশোর নিহত হয়।

মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ওসি শওকত আনোয়ারুল ইসলাম জানান, দুপুরে দিনমজুর রুস্তম আলী (৬০), ইসাহাক হাওলাদার (৫৫) মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে রুস্তম ও ইসাহাক ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো দুইজন।

হিজলা থানার এসআই বজলুর রশিদ জানান, দুপুরে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে বড়জালিয়া ইউনিয়নের হাজেরা খাতুন (৪৫) মারা যান। আহত হন হাজেরার স্বামী রাজ্জাক সরদার ও আত্মীয় আক্কাস বেপারী।

ব্জ্রপাতে মুন্সীগঞ্জ সদর উপজেলায় কাঠপট্টি এলাকায় হাতেম আলীর মালিকানাধীন ইট ভাটায় এক শ্রমিক নিহত হন। আহত হয় আরো দুই জন।

নিহত নুর হোসেনের (৪০) বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা গ্রামে।

আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. কাইয়ুম পোদ্দার জানান।

বজ্রপাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি গ্রামে এক কিশোর নিহত হয়েছে।

নিহত মিলন মিয়া (১৬) ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সবুর সরকার বলেন, মিলন দুই ভাইয়ের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ঘরের উপর বজ্রপাত হলে মিলন আহত হয়।

পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।