২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতা, যানজট-দুর্ভোগ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশন অংশের বিভিন্ন এলাকায় পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 05:11 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

বৃহস্পতিবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস, সাইনবোর্ড ও আশপাশের এলাকায় মহাসড়কে প্রায় হাঁটু পানি জমতে দেখা যায়।

নাওজোর পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম বলেন, “মহাসড়কে পানি জমায় সকাল থেকেই যানবাহন ধীর গতিতে চলে। ফলে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।”

যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসন থেকে জয়দেবপুর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন স্থানীয় বাসিন্দা মো. আমিনুল ইসলাম।

জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তির বিষয়ে দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়কের ওই এলাকায় যানবাহন অনেকটাই থেমে আছে। কিছু দূর পায়ে হেঁটে একটি রিকশায় চড়েও লাভ হয়নি।”

পরে মহাসড়ক ছেড়ে বিকল্প পথে রিকশা নিয়ে গন্তব্যে পৌঁছান তিনি।

পাঁচ মিনিটের রাস্তা পেরোতে দুই ঘণ্টা লেগেছে জানিয়ে আমিনুল বলেন, স্থানীয় শিক্ষার্থী ও কল-কারখানার নারী শ্রমিকদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। পানিতে তাদের পরনের কাপড়-চোপড় ভিজে যাচ্ছে।

হাঁটতে গিয়ে পিছলে পড়ে অনেকে কর্মস্থলে না গিয়ে বাসায় ফিরে যান। বৃষ্টি আরও হলে এ ভোগান্তি চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন যাতায়াতকারীরা।

তবে যানজট নিরসনে মহাসড়ক পুলিশসহ গাজীপুরের পুলিশ ও ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানান এসআই বাহার।

বেলা সাড়ে ৩টার দিকে ভোগড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হক ভূইয়া জানান, দুপুরের দিকে বৃষ্টি কমে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে জমে থাকা পানি নামতে থাকে।

তবে বিকাল পর্যন্ত মহাসড়কে যানবাহনের যথেষ্ট চাপ রয়েছে জানিয়ে তিনি বলেন, পানি কিছুটা কমে এলেও যানবাহনের যথেষ্ট চাপ রয়েছে।

স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, ভোগড়া, বাসন, আধেপাশা, আউটপাড়া এলাকার কল-কারখানা ও আবাসিক এলাকার গৃহস্থালির বর্জ্য ও পানি অপসারণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে ওই এলাকায় মহাসড়কে পানি জমে যায়।

এসব এলাকার অনেক বসত বাড়িতেও পানি ওঠে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফয়সল আহমেদ সরকার জানান।  

পানি সরানোর জন্য সম্প্রতি কয়েকটি ড্রেন নির্মাণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেন তিনি।

গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানও এ অবস্থার জন্য মহাসড়কের আশপাশের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করছেন।

প্রতি বছর বর্ষায় এ সমস্যায় মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বৃষ্টি হলে মহাসড়কের পানি রাস্তায় জমে না। কিন্তু আশপাশের এলাকার পানি বের হওয়ার ব্যবস্থা কম থাকায় তা মহাসড়কে উঠে যায়।”

এ সমস্যার সমাধানে মহাসড়কের পাশের মোগরখাল খনন ও প্রশস্ত করা দরকার-মন্তব্য করে প্রকৌশলী সবুজ জানান, এ নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরনের সঙ্গে বৃহস্পতিবার বিকালে তার একটি বৈঠকের কথা রয়েছে।

ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরন বলেন, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের কর্মীরা কাজ করে যাচ্ছে। বৃষ্টির পরে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।