জুলাই থেকে ফেরি ঘাটের ইজারা প্রথা বাতিল: নৌমন্ত্রী
সরকার ১ জুলাই থেকে দেশের সব ফেরি ঘাটের ইজারা প্রথা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলবের কালিতলা বাইশপুর ফেরি ঘাটে চাঁদপুর ও মুন্সিগঞ্জের গজারিয়া রুটে নতুন ফেরি সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
শাহজাহান খান বলেন, “১ জুলাই থেকে দেশের সবগুলো ফেরি ঘাটের ইজারা প্রথা বাতিল করা হবে। ইতিমধ্যে ঢাকার সদরঘাট ও শিমুলিয়া ফেরি ঘাটের ইজারা বাতিল করা হয়েছে।
“বর্তমান সরকার নৌপথে মানুষের চলাচল সহজতর করতে এই পদক্ষেপ নিয়েছে।”
এসময় নৌপথে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সরকারি সাহায্য বাড়িয়ে দেড় লাখ টাকা করা হবে বলেও জানান নৌমন্ত্রী।
“যেটা বিএনপির আমলে ছিল মাত্র ৩০ হাজার টাকা। আমরা ৫০ হাজার টাকা থেকে শুরু করে এটা বাড়িয়ে এই পরিমাণ নির্ধারণ করেছি।”
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সঙ্গে নিয়ে ওই রুটের নতুন ফেরি কেতকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সাংসদ মৃণাল কান্তিসহ মন্ত্রাণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
