গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ী ও সাঘাটা উপজেলায় বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে আব্দুল লতিফ ঘুনু (৩৭) ও সাঘাটার কচুয়া ইউনিয়নের উল্লা সোনাতলা সোবহান আকন্দের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
ওই দুই উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এখবর নিশ্চিত করেছেন।
মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন সুজা জানান, লতিফ বাড়ির পাশে বিদ্যুতের তারের সঙ্গে লেগে থাকা আম গাছের ডাল কাটছিলেন। এ সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। কাজ শেষ করার আগেই হঠাৎ বিদ্যুৎ চলে আসায় লতিফ বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান সুজা।
কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, উল্লা সোনাতলা বাজারের কাছের একটি সড়কে নির্মাণাধীন সেতুতে শ্রমিক হিসেবে কাজ করতেন আমিরুল।
বুধবার সকালে পাথরবোঝাই একটি ট্রাকের উপর উঠে কাজে যাচ্ছিলেন তিনি। পথে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই আমিরুলের মৃত্যু হয় বলে তিনি জানান।
