হবিগঞ্জে জলমহাল নিলামে সংঘর্ষ, আহত দেড়শ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি জলমহালের নিলাম ডাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে থানার ওসিসহ দেড় শতাধিক আহত হয়েছেন।
বুধবার সৈদ্যারটুলায় গ্রাম পঞ্চায়েতের জলমহাল নিলাম ডাকাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
পরে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
আহতদেরকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, সৈদ্যারটুলা, মাতারপুর ও মজলিশপুর গ্রামে অবস্থিত জাবর জলমহাল ও ছোটবড় ৪/৫টি বিল প্রতি বছরই প্রকাশ্যে নিলাম দেয় গ্রাম পঞ্চায়েত।
গত বছর নিলাম প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন সৈদ্যারটুলা গ্রামের সর্দার আবুল কাসেম মবু।
ওই সময় ৪০ লাখ টাকায় নিলাম সম্পন্ন হলেও তিনি আর্থিক হিসাব ঠিকমত না দেওয়ায় এবছর সৈদ্যারটুলা গ্রামকে বাদ দিয়ে মাতারপুর ও মজলিশপুরের গ্রাম পঞ্চায়েত বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা ইকবাল বাহারের নেতৃত্বে নিলাম প্রক্রিয়া শুরু করে।
এতে ক্ষিপ্ত হয়ে আবুল কাসেম মবুর ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা হায়দারুজ্জামান খান ধন মিয়া নিলাম প্রক্রিয়ায় বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী, পরিদর্শক দেলোয়ার হোসেন, কনস্টেবল আব্দুল্লাহসহ দেড় শতাধিক লোক আহত হন।
