২০ জেলায় নতুন ডিসি, সচিব হলেন ৪ জন
প্রশাসনে রদবদলে নতুন জেলা প্রশাসক (ডিসি) পেয়েছে ২০টি জেলা।
এছাড়া চারজন ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাকে সচিব হিসাবে পদোন্নতি দিয়ে বুধবার আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বগুড়া, মাদারীপুর, বরিশাল, শেরপুর, ঝালকাঠী, রংপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর, গাইবান্ধা, নড়াইল, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ হয়েছে।
আর হবিগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জের জেলা প্রশাসদের অন্য জেলায় বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফ উদ্দিনকে বগুড়া, বিপিএসটিসির পরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাসকে মাদারীপুর এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মো. সাইফুজ্জামানকে বরিশালের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এ এম পারভেজ রহিমকে শেরপুর, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়াকে ঝালকাঠী এবং মাগুরার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. রাহাত আনোয়ারকে রংপুরের ডিসি করা হয়েছে।
স্থাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জিল্লুর রহমান চৌধুরীকে লক্ষ্মীপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আব্দুস সবুর মন্ডলকে চাঁদপুর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক খান মো. আব্দুস সবুর মন্ডলকে কুড়িগ্রামের ডিসি করা হয়েছে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন উপসচিব মো. মাহবুব আলম তালুকদারকে ঝিনাইদহে, অর্থনৈতিক সম্পর্কবিভাগের উপসচিব মো. আমিনুর রহমানকে নওগাঁ এবং বিআরটিএ’র উপপরিচালক মীর খায়রুল আলমকে দিনাজপুরের ডিসি হিসাবে বদলি করেছে সরকার।
রাজশাহীর জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মো. সফিকুল ইসলামকে মেহেরপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সামাদকে গাইবান্ধার জেলা প্রশাসক করা হয়েছে।
এছাড়া উপ-সচিব মো. হেলাল মাহুমদ শরিফকে নড়াইল, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সায়মা ইউনূস চুয়াডাঙ্গা এবং সরকারি কর্ম কমিশনের পরিচালক সাবিনা আলম হবিগঞ্জ জেলায় ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন।
হবিগঞ্জের ডিসি মো. জয়নাল আবেদীনকে সিলেটে, মাদারীপুরের ডিসি জি এস এম জাফরুল্লাহকে কিশোরগঞ্জে এবং কিশোরগঞ্জের ডিসি এস এম আলমকে গাজীপুরে বদলি করা হয়েছে।
সিলেটের ডিসি মো. শহিদুল ইসলামকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, মেহেরপুরের ডিসি মো. মাহমুদ হোসেনকে ঢাকা ওয়াসার সচিব এবং চুয়াডাঙ্গার ডিসি মো. দেলোয়ার হোসেনকে বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।
দিনাজপুরের ডিসি আহমেদ শামীম আল রাজীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক এবং চাঁদপুরের ডিসি মো. ইসমাইল হোসেনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব করা হয়েছে।
গাজীপুরের ডিসি মো. নূরুল ইসলামকে ওএসডি, শেরপুরের ডিসি মোহাম্মদ জাকির হোসেনকে কৃষি মন্ত্রণালয়ে এবং ঝালকাঠির ডিসি মো. শাখাওয়াত হোসেনকে ওএসডি করা হয়েছে।
গাইবান্ধার ডিসি মো. ইহসান-ই-এলাহীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব, কুড়িগ্রামের ডিসি এ বি এম আজাদকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং নড়াইলের ডিসি এ গফ্ফার খানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব করা হয়েছে।
বরিশালের ডিসি মো. শহিদুল আলমকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, রংপুরের ডিসি ফরিদ আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব এবং নওগাঁর ডিসি মো. এনামুল হককে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।
এছাড়া লক্ষ্মীপুরের ডিসি এ কে এম টিপু সুলতানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বগুড়ার ডিসি মো. শফিকুর রেজা বিশ্বাসকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।
সিলেট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, গাজীপুর, শেরপুর, ঝালকাঠি, গাইবান্ধা, কুড়িগ্রাম, নড়াইলের জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয়ে বদিল করা হয়েছে। এরা পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হয়েছিলেন, কিন্তু ডিসির পদটি উপ-সচিব পদমর্যাদার।
সচিব হলেন ৪ কর্মকর্তা
সরকারি কর্ম কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) পবন চৌধুরীকে সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মো. সোহরাব হোসাইন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরিদ উদ্দিনকেও সচিব করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই চার কর্মকর্তাকে সচিব হিসাবে পদোন্নতি দিয়ে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলেও আলাদা আদেশে তাদের আগের পদেই রাখা হয়েছে।
১৯৮২ ব্যাচের কর্মকর্তা শাহজাহান আলী মোল্লা ১৯৮৩ সালের ২৮ অগাস্ট সরকারি চাকরি শুরু করেন। ২০১৪ সালের ১০ নভেম্বর পিএসসির ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পান তিনি।
এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করেন।
বিসিএস ৮৪ ব্যাচের কর্মকর্তা ফরিদ উদ্দিন ফেনীর পরশুরাম উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালের ২১ জুন সহকারী কমিশনার হিসাবে সরকারি চাকরি শুরু করেন তিনি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়ার আগে ফরিদ উদ্দিন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহরাব হোসাইন ১৯৬১ সালে নোয়াখালীর চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন।
২০১৪ সালের ১০ নভেম্বর বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের (ভারপ্রাপ্ত সচিব) দায়িত্ব পান। এর আগে তিনি শিক্ষা এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
