শাহজালালে সোনাসহ দুজন আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
আটকরা হলেন- মো. ফিরোজ (৩৮) ও মো. নাফিজ (৩২)।
বিমানবন্দর আর্মড পুলিশের এএসপি তানজিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপির বাইরের গ্যারেজ থেকে তাদের আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে ৫টি সোনার বার উদ্ধার হয়েছে, যেগুলোর ওজন ৬০০ গ্রাম। সেগুলোর বাজারমূল্য ২৪ লাখ টাকা।
আটকরা বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানে জড়িত অভিযোগ করে পুলিশ কর্মকর্তা তানজিনা আক্তার বলেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
