শব্দ পিছলে বিপদে মোদী
সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের প্রশংসা করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা একটি উক্তিতে বেজায় চটেছেন বিশ্বজুড়ে নারীবাদীরা।
সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোতে ‘একজন নারী হওয়া সত্ত্বেও’ (#DespiteBeingAWoman) নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদে মুখর হতে দেখা গেছে তাদের।
ভারত প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফরের শেষ কর্মসূচিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক বক্তৃতা অনুষ্ঠানে বলেন, “সন্ত্রাসবাদ-জঙ্গী মোকাবেলা কীভাবে হবে তা কিন্তু আমরা বুঝতে পারছি না। জাতিসংঘও আমাদের কোন পথ দেখাতে পারছে না। আমি খুব খুশী বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও স্পষ্টভাবে বলছেন, দৃঢ়ভাবে বলছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।”
এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানান মোদী।
তার এ বক্তব্যে ‘নারীর মর্যাদাকে খাটো করা হয়েছে’ অভিযোগ তুলে ফেইসবুক ও টুইটারে সরব প্রতিবাদ করেছেন অনেকে, যাদের মধ্যে রয়েছেন লেখক, অভিনয় শিল্পী, অধিকারকর্মীসহ অনেকেই।
ভারতীয় লেখক মিহির শর্মা এ হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে লিখেছেন, ‘এটা বিশ্বাস করাও কঠিন যে একজন প্রধানমন্ত্রী এটা বলছেন।’
ইন্ডিয়া টুডে’র জ্যেষ্ঠ সম্পাদক গায়েত্রি জয়ারমান টুইটারে লিখেছেন, ‘ঠিক আছে, কাজ বন্ধ। রান্নার পর বাচ্চাকে স্কুলে পাঠানো থেকে বড় কোন প্রতিবেদন লেখা পর্যন্ত, আমার চেনা অন্যান্য সকল নারীর মতো।’
কুমারী রত্না নামে এক ভারতীয় ব্লগার তার ফেইসবুকে লিখেছেন, ‘আপনি এটা চিন্তাই বা করলেন কীভাবে? যেখানে উন্নত দেশগুলোর অনেক আগে আপনার নিজের দেশে একজন মহান নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। লজ্জাজনক।’
অভিনেত্রী টুইংকেল খান্না তার টুইটারে লিখেছেন, ‘হা হা হা, না নারী হওয়া সত্ত্বেও আমরা আসলে পুরুষ, শুধু প্রতিদিন সকালে সতর্কভাবে আমাদের গোঁফ ফেলে দিই।’
টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা অরিন্দম শেখরি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, ‘নারী হওয়া সত্ত্বেও কিরণ বেদী দিল্লিতে বিজেপিকে ডুবিয়েছে।’
বক্তৃতায় মোদী বলেন, “বিশ্বের অনেক ধনী দেশের মানুষরা যখন নিজেদের সরকারপ্রধান হিসেবে কোন নারীকে দেখতে রাজি ছিল না, তখন আমাদের এ অঞ্চলের সব দেশেই নারী সরকারপ্রধান পেয়েছি আমরা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রতিটি দেশেই নারীরা সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন।”
