২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি নির্দেশনা কেন, স্পিকারের রুলিং প্রত্যাশা

কোনো মন্ত্রণালয় বা সংসদীয় স্থায়ী কমিটি সংসদ সদস্যদের কোনো নির্দেশনা দিতে পারেন না উল্লেখ করে এ বিষয়ে স্পিকারের রুলিং চেয়েছেন রফিকুল ইসলাম বীরউত্তম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 07:41 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি সমাজ কল্যাণ কল্যাণ মন্ত্রণালয় থেকে তাকে পাঠানো একটি চিঠির তথ্য তুলে ধরে এই নির্দেশনা চান সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।  

রফিক জানান, গত ২২ এপ্রিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠকের কথা উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় তথ্য চেয়ে নির্দেশনা দিয়ে তাকে ওই চিঠি পাঠায়।

ওই চিঠিতে বলা হয়, সাংসদদের নিজ নিজ এলাকায় এতিমখানাগুলোর প্রকৃত ছাত্রছাত্রী সংখ্যা কত? এগুলো যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি-না, সেখানে রাজনৈতিক বা অন্য কোন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বিরাজমান কি না, বিষয়গুলোর তদারক করাসহ স্থায়ী কমিটিকে অবগত করতে রিপোর্ট দিবেন।

আওয়ামী লীগ সংসদ সদস্য রফিক বলেন, কার্যপ্রণালী বিধির ২৪৮ বিধিতে স্থায়ী কমিটির কাজ সম্পর্কে বলা হয়েছে। কোনো স্থায়ী কমিটিকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি যে তারা কোনো সংসদ সদস্যকে এই ধরনের কোনো দায়িত্ব দেবেন।

“সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের সব উপজেলায় নিজস্ব লোকজন রয়েছে। ছাত্র-ছাত্রী সংখ্যা কত, কর্মকাণ্ড ঠিকমতো পরিচালিত হচ্ছে কি না, এই কাজ দেখার দায়িত্ব সেই অধিদপ্তরের। এই দায়িত্ব সংসদ সদস্যদের উপর চাপিয়ে দেওয়ার এখতিয়ার তাদের নেই। সংসদ সদস্যরা কী করবেন, সেটা স্পিকার ও সংসদ নেতা আমাদেরকে নির্দেশনা দিতে পারেন। কোনো স্থায়ী কমিটি এই ধরনের নির্দেশনা সংসদ সদস্যদের দিতে পারেন না।”

“শুধু এই মন্ত্রণালয় নয়, মাঝে মাঝে আমরা অন্যান্য মন্ত্রণালয় থেকেও এই ধরনের নির্দেশনা পাই যে, আপনারা এটা করবেন, ওইটা করবেন-আমাদেরকে রিপোর্ট পাঠাবেন।”

“আমি মনে করি, আপনি এ ব্যাপারে একটা স্পষ্ট রুলিং দিবেন,” স্পিকারের উদ্দেশে বলেন সংসদ সদস্য রফিক।

যে সভার কথা জানিয়ে রফিকের এই আপত্তি সেই সভায় সরকারি অনুদান পাওয়া (ক্যাপিটেশন গ্রান্ট) বেসরকারি এতিমখানাগুলোতে নজরদারি বাড়ানোর সুপারিশ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।