২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানব পাচার রোধে দরকার সম্মিলিত আন্দোলন’

অভিবাসনের নামে মানব পাচার রোধে সম্মিলিতভারে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 06:43 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শ্রমিক নিরাপত্তা ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সুলতানা কামাল বলেন, “অভিবাসনের নামে মানব পাচার, জিম্মি করা, নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে চরম মানবিক বিপর্যয় ও মানবাধিকার লংঘন রোধে সম্মিলিতভাবে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। আর কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই।”

তিনি বলেন, সরকারকে সক্রিয় রাখতে বিভিন্ন মন্ত্রণালয়ে সমস্যা সমাধানকল্পে শ্রমিক নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে লবি করে যেতে হবে।

একই অনুষ্ঠানে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, “আজ সমাজের কোনো লোক কিছু বলতে গেলে ডানে বামে তাকায়। এক ইস্যুতে আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই মানব পাচারকারীসহ বদিদের (আব্দুর রহমান বদি, এমপি) বিচার করা সম্ভব হবে।”

বাসদ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, মানব পাচারে এ পর্যন্ত ১৬০০ মামলার মধ্যে পাঁচ জনের বিচার হয়েছে। রাষ্ট্রে এমন এমন লোকের নামে মামলা হয়েছে যে, তাদের বিচারের আওতায় আনা যাচ্ছে না।

সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের যুগ্ম সমন্বয়কারী নাইমুল আহসান জুয়েল প্রমুখ।