সরকারি জমির ইজারায় সমন্বিত নীতিমালা হবে
সরকারি জমির ব্যবহার ও ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিয়মে আনার লক্ষ্যে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের সমন্বিত ভূমি ব্যবস্থাপনা নীতিমালা- ২০১৫ এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের পর ইজারার বিষয়ে সমন্বিত নীতিমালার সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
২০০৪ সালের সিএনজি, পেট্রোল পাম্প স্থাপনের সুযোগ দেওয়ার নীতিমালা এবং ২০০৫ সালের সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিজমা সংক্রান্ত ব্যবস্থাপনা নীতিমালা সমন্বিত করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নীতিমালাটি মন্ত্রিসভায় উপস্থাপিত হয়েছিল।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সাধারণ রাস্তার জন্য জমি অধিগ্রহণ করা হলে দুই পাশের অধিক জায়গা ভবিষ্যতের জন্য রাখা হয়। অধিগ্রহণকৃত অতিরিক্ত জায়গা অস্থায়ীভাবে লিজ দেয়। লিজ দেওয়াকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করার জন্য এ নীতিমালা।
“মন্ত্রিসভা মনে করে, এই জমি শুধু সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নয়, রেলেও আছে। অনেক রাস্তা স্থানীয় সরকারের রয়েছে, যা বিচ্ছিন্নভাবে নীতিমালা দিয়ে চলে।”
সব মন্ত্রণালয় ও বিভাগের জন্য প্রযোজ্য সমন্বিত নীতিমালা করতে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জমি কীভাবে ব্যবহার হবে, কীভাবে লিজ দেবে, রাস্তা থেকে কতদূর দূরত্ব থাকবে, এগুলো সমন্বিত নীতিমালায় উল্লেখ থাকবে।”
‘সড়ক ও জনপথ অধিদপ্তরের সমন্বিত ভূমি ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫ কে ভিত্তি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই সমন্বিত নীতিমালা তৈরি করবে বলে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে।
হাইওয়েতে সার্ভিস সেন্টার যেখানে টয়লেট, রিফ্রেশমেন্ট, বিশ্রাম নেওয়ার জায়গা থাকে, এই বিষয়টিও এই নীতিমালায় রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
